| শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠোঁট ও তালু কাটা শিশুদের মুখে হাসি ফোটাতে সেন্ট্রাল হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থা স্মাইল ট্রেনের যৌথ উদ্যোগে ৮ হাজার শিশুর সফল অস্ত্রোপচারের মাইলফলক উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সেন্ট্রাল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা এ মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন।
২০০৩ সালের ডিসেম্বরে প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. এ জে এম সালেকের হাত ধরে সেন্ট্রাল হাসপাতালে স্মাইল ট্রেনের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ঠোঁট ও তালু কাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে আসছে সংস্থাটি।
অনুষ্ঠানে সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মতিউর রহমান বলেন, অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত।
এ সময় স্মাইল ট্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ বি এম মোবাশ্বেরের নেতৃত্বাধীন চিকিৎসা দলের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
আয়োজকেরা জানান, স্মাইল ট্রেন ও সেন্ট্রাল হাসপাতালের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁদের মতে, ৮ হাজার সফল অস্ত্রোপচারের এই অর্জন শুধু একটি সংখ্যা নয়; এটি হাজারো শিশুর নতুন জীবন ও অসংখ্য পরিবারের মুখে হাসি ফোটানোর অনন্য দৃষ্টান্ত।